ফুফুর পরকীয়ায় বাধা দেওয়ায় ভাতিজাকে পিটিয়ে হত্যা

ফুফুর পরকীয়ায় বাঁধা দেওয়ায় নড়াইল সদর উপজেলার শিমুলিয়া গ্রামে রেজাউল ইসলাম (২২) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে ফুফুর প্রেমিক। নিহত রেজাউল ওই গ্রামের রাবুল মোল্লার ছেলে।

বৃহস্পতিবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ওই যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রেমিক বাছের মোল্লাকে (৫০) আটক করেছে।

কলোড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের (শিমুলিয়া গ্রাম) ইউপি সদস্য গোলাম নবী জানান, নিহত রেজাউলের ফুফু রুকি বেগমের (৪০) সাথে পাশের গ্রাম যশোরের অভয়নগরের কাংকুল গ্রামের বাছের মোল্লার (৫০) সাথে দীর্ঘদিন ধরে পরকীয়া চলে আসছিল। এ নিয়ে একাধিকবার বাছেরকে নিষেধ করা হলেও লুকিয়ে লুকিয়ে দেখা-সাক্ষাত করতো বলে শোনা যায়।

ঘটনার দিন গত বুধবার রাত ৯টার দিকে প্রেমিক বাছের মোল্লা গোপনে রুকি বেগমের সাথে দেখা করতে আসে। বিষয়টি টের পেয়ে রুকির ভাইপো রেজাউল প্রেমিক বাছেরের ওপর চড়াও হয়। এসময় উত্তেজনার এক পর্যায়ে বাছের মোল্লা একটি লাঠি দিয়ে রেজাউলের মাথায় আঘাত মারলে সে মাটিতে লুটিয়ে পড়ে যায়। 

পরিবারের সদস্যরা রাত সাড়ে ১১টার দিকে রেজাউলকে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থা খারাপ হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। খুলনা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে তার মৃত্যু হয়।

স্থানীয় বিছালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আবু জাফর জানান, খবর শোনার পর রাতেই ঘটনাস্থলে গিয়ে আহত রেজাউলকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। পরে খুলনায় চিকিৎসাকালে মারা যায়।

ঘটনার সাথে জড়িত পার্শ্ববর্তী কাংকুল গ্রামের সোনা মোল্লার ছেলে বাছের মোল্লাকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে।