গাজীপুরের শ্রীপুরে বন বিভাগের জমিতে চাওবন প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ করায় উপজেলা প্রকৌশলী ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ চারজনের নামে মামলা করেছে বন বিভাগ। মামলায় অন্য অভিযুক্তরা হলেন ঠিকাদার তোফাজ্জল হোসেন শাহীন ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক। মামলায় ঠিকাদার বাদে বাকিদের শুধু পদবি উল্লেখ রয়েছে।
শ্রীপুর উপজেলা প্রকৌশল বিভাগের উপসহকারী প্রকৌশলী মাসুদুল হক বলেন, বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের জন্য বিগত ২০১৮ সালে দরপত্র আহ্বান করা হয়। প্রায় ৭৯ লাখ ৫৯ হাজার টাকা ব্যয়ে একটি দোতলা ভবন নির্মাণের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স নাহার এন্টারপ্রাইজকে কার্যাদেশ দেওয়া হয়।
কার্যাদেশ পাওয়া ঠিকাদার মেসার্স নাহার এন্টারপ্রাইজের মালিক তোফাজ্জল হোসেন শাহীন জানান, বন বিভাগের লোকজন কাজে বাধা দেওয়ায় ভয়ে শ্রমিকরা কাজে আসার সাহস পাচ্ছে না। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান জানান, আশপাশের চার কিলোমিটারের মধ্যে অন্য কোনো প্রাথমিক বিদ্যালয় না থাকায় কয়েক গ্রামের শিশু শিক্ষার্থীদের ভরসা এই প্রাথমিক বিদ্যালয়টি।
এ বিষয়ে ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) ইউসুফ জানান, ভবন নির্মাণের আগে এই জায়গার মালিকানার বিষয়ে নিশ্চিত হয়ে দরপত্র আহ্বান করা উচিত ছিল। তাই বিধি অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।