চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার খড়গপুরে আয়েশা খাতুন (৪৭) নামে এক নারীকে তার স্বামী কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় আহত হয় তার মেয়ে ও জামাতা।
ঘটনার পর আয়েশার স্বামী কোবাদ আলী পালিয়ে যায়।
ভোলাহাট থানার ওসি নাসির উদ্দীন ও স্থানীয়রা জানায়, দুপুরে পারিবারিক দ্বন্দ্বের জেরে তর্র্কের একপর্যায়ে কোবাদ হাঁসুয়া দিয়ে আয়েশাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। ঘটনাস্থলেই নিহত হন আয়েশা। আয়েশাকে রক্ষায় এগিয়ে আসা মেয়ে হাবিবা খাতুন ও তার স্বামী সাদেকুল ইসলামকেও হাঁসুয়া দিয়ে আঘাত করে কোবাদ। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।