ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া শহরের দেবগ্রাম সরকারি পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে বিদ্যালয়ের শিক্ষক সামসুল ইসলাম পলাশকে আটক করে পুলিশে দিয়েছে বিদ্যালয়ের কর্তৃপক্ষ।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, দেবগ্রাম সরকারি পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের দ্বিতীয় সাময়িক পরীক্ষা শেষ হয়েছে তিন দিন আগে। পরীক্ষা শেষে মঙ্গলবার ছিল বিদ্যালয় খোলার প্রথম দিন। বিদ্যালয়ে ছাত্রছাত্রীর উপস্থিতি ছিল কম।

অভিযুক্ত শিক্ষক ক্লাসের অন্য শিক্ষার্থীদের ছুটি দিয়ে মেয়েটিকে ক্লাসে থাকতে বলেন। এ সময় শিক্ষক মেয়েটির স্পর্শকাতর স্থানে হাত দেন। মেয়েটি বাড়ি ফিরে বাবা-মাকে বিষয়টি জানায়। পরে মেয়েটির বাবা-মা বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষককে বিষয়টি জানান। এরপর বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক বিষয়টি নিয়ে বৈঠকে বসেন।

বৈঠকে উপস্থিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা ও ওসি রসুল আহমেদ নিজামী। পরে পুলিশ গিয়ে ওই শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়। 

থানায় অভিযুক্ত শিক্ষক সামসুল ইসলাম পলাশ সাংবাদিকদের বলেন, ‘আমি কোনো দোষ করিনি।’

আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রসুল আহমেদ নিজামী বলেন, শিক্ষক সামসুল ইসলাম পলাশকে আটক করে থানায় আনা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি তাহমিনা আক্তার রেইনা বলেন, অভিযুক্ত শিক্ষককের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।