দুই দশকে ঐতিহ্য: পাবলিক লাইব্রেরিতে সর্বাধিক ছাড়ে বই উৎসব

বাংলাদেশের অন্যতম সৃজনশীল প্রকাশনা সংস্থা ঐতিহ্য ১৯ বছর পূর্ণ করে দুই দশকে পা রেখেছে। এ উপলক্ষে আয়োজন করা হয়েছে পক্ষকালব্যাপী ‘সর্বাধিক ছাড়ের বই উৎসব’। 

ঐতিহ্যের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৭ জুলাই শাহবাগের পাবলিক লাইব্রেরি চত্বরে শুরু হয়ে বই উৎসব শেষ হবে ৩ আগস্ট। প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলবে এই আয়োজন।

এই উৎসবে পাঠকেরা ১২০টিরও বেশি বিষয়-বৈচিত্র্যপূর্ণ বই কিনতে পারবেন মাত্র ২০ থেকে ৫০ টাকার বিনিময়ে। বাকি বইতে থাকছে অকল্পনীয় মূল্যছাড়। রচনাবলিতেও থাকবে বিশেষ ছাড়।

এ ছাড়া উৎসবকে সামনে রেখে ঐতিহ্য প্রকাশ করছে ১০টি নতুন বই।

ঐতিহ্যের পক্ষ থেকে বলা হচ্ছে, প্রকাশনার ২০ বছরে ঐতিহ্য শুধুমাত্র মানসম্মত বই প্রকাশ করেই থেমে থাকেনি, পাঠকের হাতে বইটি দ্রুততম সময় এবং সহজলভ্যভাবে তুলে দিতেও সমান মনযোগ দিয়েছে। পাঠকের সঙ্গে এই আন্তরিক মেলবন্ধনই ঐতিহ্যের শক্তি। ঐতিহ্য আশা করে পূর্বের ন্যায় পাঠক, শুভানুধ্যায়ী ও সংবাদকর্মীদের উৎসাহে উৎসবটি সাফল্যমণ্ডিত হয়ে উঠবে।

দুই দশকে ঐতিহ্য প্রকাশ করেছে লক্ষাধিক পৃষ্ঠার বেশি সহস্রাধিক বই। এর মধ্যে রয়েছে কালজয়ী চিরায়ত বাংলা সাহিত্যের রচনাবলি। ২২ হাজারের বেশি পৃষ্ঠার রবীন্দ্র-রচনাবলিসহ বিভূতিভূষণ, মানিক, জীবনানন্দ ও শরৎ রচনাবলি। ঐতিহ্য প্রকাশ করেছে বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আল মাহমুদের ১৩ খণ্ড রচনাবলি। কাজ চলছে আরও কিছু রচনাবলির।