উন্নয়নের সঙ্গে মানবিকতার বিকাশ ঘটাতে হবে: ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি ও আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেছেন, দেশ উন্নয়নের সঙ্গে মননের উন্নতি ও মানবিকতার বিকাশ ঘটাতে হবে। এতেই দেশের উন্নয়ন হবে। কক্সবাজারের গুরুত্ব উপলব্ধি সরকার উন্নয়নের মহাযজ্ঞ বাস্তবায়ন করছে। তাই এখানকার উন্নয়নের সঙ্গে সমন্বয় করে সেই ধরণের গুণগত মানসম্পন্ন গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে গড়ে তুলতে। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের জীবনমান উন্নয়নে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করছে।

শনিবার কক্সবাজার প্রেসক্লাব মিলনায়তনে ‘কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন’ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এসব কথা বলেন।

তিনি আরও বলেন, রোহিঙ্গা সংকটের কারণে কক্সবাজার এখন বিশ্বব্যাপী আলোচিত নাম। এখানে প্রতিদিনই আসছে আন্তর্জাতিক পর্যায়ের কোন না কোন প্রতিনিধি দল এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।

তাছাড়া কক্সবাজারে যে উন্নয়নযজ্ঞ চলছে তা বাংলাদেশের বাজেটের সমপরিমান। এ সব বিষয়াদি বিবেচনা করে কক্সবাজার প্রেসক্লাবসহ গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকেও অত্যাধুনিকমানে উন্নীত করা সময়ের দাবি বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি।

কক্সবাজার প্রেসক্লাবকে ১০ তলা ভবনের টাওয়ার নির্মাণ এবং টাওয়ারটি ‘বঙ্গবন্ধু বা শেখ হাসিনা মিডিয়া সেন্টার’ নামকরণের সরকারের সহায়তা চাওয়ার ব্যাপারে কক্সবাজারের সাংবাদিকদের দাবির সঙ্গে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি সহমত পোষণ করেন।

এ নিয়ে বিপ্লব বলেন, কক্সবাজারের সাংবাদিকদের দাবির বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে। এ ব্যাপারে কক্সবাজার প্রেসক্লাবের একটি প্রতিনিধি দলকে প্রধানমন্ত্রীর সঙ্গে বিশেষ সাক্ষাতেরও ব্যবস্থা নেওয়া হবে।

কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেলের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চিত্রনায়ক ফেরদৌস, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রিয় কমিটির সদস্য এডভোকেট আয়াছুর রহমান ও মুজিবুল ইসলাম, সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস রানা, সংগঠনের সদস্য নজিবুল ইসলাম প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার সদর আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য জাফর আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান প্রমুখ।