সাত কলেজের অধিভুক্তি বাতিল

আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ঢাবি শিক্ষার্থীদের

সাত কলেজের অধিভুক্তি বাতিলসহ চার দফা দাবিতে দ্বিতীয় দিন ক্লাস-পরীক্ষা বর্জন করে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। এতে স্থবির হয়ে পড়ে ক্যাম্পাস। এদিকে এ অচলাবস্থা কাটাতে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান ডাকসুর নেতারা। তবে লিখিত সিদ্ধান্ত না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা।

আজও আন্দোলনে নামার ঘোষণা দেন শিক্ষার্থীরা। আন্দোলন কমিটির মুখপাত্র মো. শাকিল ভুঁইয়া বলেন, ‘যতদিন পর্যন্ত ভিসি স্যার অধিভুক্তি বাতিলের লিখিত সিদ্ধান্ত না জানান, ততদিন আন্দোলন চলবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন থেকে সরে আসার কোনো যৌক্তিকতা নেই।’

বিকেলে ডাকসুর ভিপি নুরুল হক নুর ও জিএস গোলাম রাব্বানী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়। এতে বলা হয়েছে, ‘ঢাবির উপাচার্য বর্তমানে দেশের বাইরে থাকায় এখন কোনো সমাধান দেওয়া সম্ভব হবে না। আমরা শিক্ষার্থীদের দাবির সঙ্গে একমত। উপাচার্য দেশে ফিরে আসার পর আমরা তার সঙ্গে শিক্ষার্থীদের দাবির বিষয়ে কথা বলব।’

চলমান অচলাবস্থা নিরসনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাতের চেষ্টা চলছে জানিয়ে ডাকসুর সদস্য রকিবুল ইসলাম ঐতিহ্য বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভিসি অধ্যাপক ড. আখতারুজ্জামান দেশের বাইরে রয়েছেন। শিক্ষামন্ত্রীও অসুস্থ। ফলে সাত কলেজ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার কেউ নেই। এ ব্যাপারে ডাকসুতে বৈঠক হয়েছে। সেখানে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের কথা উঠেছে। জিএস গোলাম রাব্বানী শিডিউল নেওয়ার চেষ্টা করেছেন। তবে মেলেনি। আজ-কালের মধ্যে সাক্ষাৎ হতে পারে।’