সুমনের মামলা প্রত্যাহার দাবিতে ঢাবিতে মানববন্ধন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের বিরুদ্ধে দায়ের মামলা প্রত্যাহার দাবিতে রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। গতকাল সাধারণ শিক্ষার্থী ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।  শিক্ষার্থীরা বলেন, ‘ফেইসবুক লাইভে জনসচেতনতার পাশাপাশি সুমন দীর্ঘদিন ধরে সমাজসেবায় নিয়োজিত। এ পর্যন্ত নিজস্ব অর্থায়নে ২৬টি কাঠের ব্রিজ নির্মাণ করে তিনি আলোড়ন সৃষ্টি করেছেন। এ জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল প্রতিনিয়তই তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে।’ এ সময় তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে দায়ের করা মামলা প্রত্যাহার ও দেশের বৃহত্তর স্বার্থে সুমনের জীবনের নিরাপত্তা জোরদারসহ চার দফা দাবি তুলে ধরেন।  মানববন্ধনে ছাত্রলীগের উপ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম বিপ্লব, সার্জেন্ট জহুরুল হক হলের যুগ্ম সাধারণ সম্পাদক রিফাত উদ্দিন ও ছাত্রলীগের উপ-অর্থবিষয়ক সম্পাদক ইসতেয়াক আহমেদসহ অনেকে উপস্থিত ছিলেন।