বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা ও বালু নদীর দখলমুক্ত তীরে ৫২ কিলোমিটার ওয়াকওয়ে, সীমানা পিলার, বনায়নসহ তিনটি ইকোপার্ক নির্মাণের কাজ শুরু হয়েছে। তীর রক্ষায় নদীতীরে ৬টি পন্টুন, ৪০ কিলোমিটার কিওয়াল, ১৯টি আরসিসি জেটি ও ৪০৯টি বসার বেঞ্চ নির্মাণকাজ শুরু হয়েছে যা ২০২২ সালের মধ্যে শেষ হবে। দেশের গুরুত্বপূর্ণ নদ-নদীর নাব্য এবং নদীর স্বাভাবিক গতিপ্রবাহ অব্যাহত রাখার লক্ষ্যে নৌপরিবহণ মন্ত্রণালয়ের ‘টাস্কফোর্স’-এর প্রথম সভায় গতকাল বুধবার এ তথ্য জানানো হয়।
নৌপরিবহন প্রতিমন্ত্রী ও টাস্কফোর্সের সভাপতি খালিদ মাহমুদ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে নদীতীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম চলমান রয়েছে এবং এ কার্যক্রম চলমান থাকবে। সারা দেশের অভ্যন্তরীণ নদীর নাব্য বৃদ্ধির লক্ষ্যে বর্তমানে সাতটি প্রকল্পের মাধ্যমে নদীখনন কার্যক্রম পরিচালিত হচ্ছে।