গুজব ছড়ানোয় গ্রেপ্তার যুবক ‘বিএনপি কর্মী’

‘পদ্মাসেতু নির্মাণে মানুষের মাথা লাগবে’ ফেসবুকে এমন গুজব ছড়ানোর অভিযোগে টাঙ্গাইলে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়ান্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার রাতে ভূঞাপুর উপজেলা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আব্দুর রহমান (২৩) একই উপজেলার পলশিয়া গ্রামের বাসিন্দা। এ সময় এসব কাজে ব্যবহৃত মোবাইল ফোন ও কম্পিউটার পিসি উদ্ধার হয়।

ওই যুবক বিএনপির কর্মী বলে পুলিশ জানায়। 

শনিবার বিকেলে টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেন, গ্রেপ্তার যুবক তার নিজের ব্যবহৃত মোবাইল নম্বর দিয়ে ভুয়া ফেসবুক আইডি, পেজ ও গ্রুপ খুলে ‘পদ্মা সেতু নির্মাণে মানুষের মাথা লাগবে’ এমন একটি পোস্ট দেয়। যা পরে একাধিক শেয়ার হয়। এতে জনমনে ভীতির সৃষ্টি হয়। পরে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে শনিবার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার যুবক বিএনপির কর্মী বলে এলাকাবাসী জানিয়েছে।

তাকে পাঁচদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে বলেও নিশ্চিত করেছেন পুলিশ সুপার।