জাতীয় বিশ্ববিদ্যালয় ও ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। গতকাল বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে এ সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।
পাঁচ বছর মেয়াদি এমওইউতে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. বিদ্যুৎ চক্রবর্তী ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ স্বাক্ষর করেন। মেয়াদান্তে উভয় বিশ্ববিদ্যালয়ের সম্মতিতে এ স্মারকের সময় বর্ধিত করার ব্যবস্থা রয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম জানান, শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণার ক্ষেত্রে উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সংযুক্ত করে পারস্পরিক সহযোগিতা, উদ্যোগ ও বিনিময়ের লক্ষ্যে এ সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।