ঝালকাঠি পৌর এলাকার একটি সড়কে বৈদ্যুতিক খুঁটি রেখেই চলছে উন্নয়নকাজ। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তবে বিদ্যুৎ বিভাগ ও পৌর কর্র্তৃপক্ষ বলছে দ্বিমুখী কথা। তারা একে অপরের ওপর দায় চাপাচ্ছে।
স্থানীয়রা জানান, ঝালকাঠির সমাজসেবা অফিস থেকে ডায়াবেটিক হাসপাতালের সংযোগ সড়কে কয়েক দিন আগে আরসিসির ঢালাই কাজ শুরু হয়। প্রায় এক কিলোমিটার সড়কে রয়েছে পাঁচটি বৈদ্যুতিক খুঁটি। এ কারণে এলাকায় অগ্নিকাণ্ড বা যেকোনো দুর্যোগে দমকল বাহিনীর গাড়ি প্রবেশ অথবা কোনো মুমূর্ষু রোগীর জন্য জরুরি অ্যাম্বুলেন্স প্রবেশ করানো সম্ভব হবে না। তখন খুঁটিগুলো গলার কাঁটা হয়ে দাঁড়াবে।
ঝালকাঠি ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন জানান, রাস্তার কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। কিন্তু সেখানে থাকা বৈদ্যুতিক খুঁটি অপসারণের বিষয়ে পৌরসভা আমাদের নোটিস বা লিখিত কোনো চিঠি দেয়নি। যার কারণে যথাসময়ে বৈদ্যুতিক খুঁটিগুলো অপসারণ করা সম্ভব হয়নি।
পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবু হানিফ জানান, সড়ক উন্নয়নকাজের টেন্ডার হওয়ার পরেই খুঁটিগুলোর ব্যাপারে বিদ্যুৎ বিভাগকে লিখিতভাবে জানানো হয়েছে। তারা তখন চিঠিকে গুরুত্ব দেয়নি। ওই সময় খুঁটি অপসারণ করা উচিত ছিল।