মাঝপদ্মায় স্পিডবোট উল্টে নিখোঁজ ১

কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে পদ্মায় লৌহজং টার্নিং পয়েন্টের কাছে উত্তাল স্রোতে ১৬ যাত্রী নিয়ে একটি স্পিডবোট উল্টে যাওয়ার ঘটনায় কয়েকজন নিখোঁজের আশঙ্কা করা হচ্ছে।

এই রুটের নৌ-পুলিশ উদ্ধারে কাজ শুরু করেছে বলে জানিয়েছেন মাদারীপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক।

মঙ্গলবার সকাল ৯টার দিকে পদ্মার উত্তাল স্রোতের মুখে ওই স্পিডবোট উল্টে যায়। ঘটনার পরপরই আশপাশের অন্যান্য স্পিডবোট এসে যাত্রীদের উদ্ধার করে এবং অধিকাংশই সাঁতরে পাশের চরে উঠতে সক্ষম হয়। তবে কয়েকজন নিখোঁজ থাকার আশঙ্কায় নৌপুলিশ পদ্মায় তল্লাশি শুরু করেছে।

মাদারীপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক জানান, স্পিডবোট দুর্ঘটনায় যাত্রীদের মধ্যে কয়েকজন নিখোঁজ থাকতে পারে। এদিকে বৈরি আবহাওয়া স্পিডবোট ও লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। সীমিত আকারে ফেরিতে পারাপার করা সম্ভব হচ্ছে।

তিনি জানান, শিমুলিয়া থেকে স্পিডবোটটি কাঁঠালবাড়ির দিকে আসছিল। শিমুলিয়া থেকে নৌ-পুলিশ উদ্ধার তৎপরতায় নেমেছে। আমরা যতটুকু জেনেছি তাতে অল্প বয়সী একজন নিখোঁজ রয়েছে। বাকিদের উদ্ধার করা সম্ভব হয়েছে।