বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে ঘাতকরা ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নকে নস্যাৎ করতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। গতকাল বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা যখন বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সম্পন্ন করে একটি স্বপ্নের স্বনির্ভর দেশ গঠনে কাজ করছি, তখন স্বাধীনতাবিরোধীরা পুনরায় মাথাচাড়া দিয়ে উঠতে চাচ্ছে। দেশের জনগণকে সঙ্গে নিয়ে সব অপশক্তিকে কঠোর হাতে দমনে সরকার বদ্ধপরিকর।’
তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতকারী স্বাধীনতাবিরোধীরা দেশ নিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত। তারা যেকোনো সময় আঘাত হানতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সব চক্রান্ত নস্যাৎ করা হবে। দেশ নিয়ে ষড়যন্ত্রকারীদের কঠোর হাতে দমন করা হবে। সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক গাজী মোহাম্মদ নুরুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বলেন, ‘মুক্তিযুদ্ধের ইতিহাস চর্চা করলে বঙ্গবন্ধু সম্পর্কে নতুন প্রজন্ম জানতে পারবে। আমরা প্রধানমন্ত্রীর নেতৃত্বে আগামী প্রজন্মের জন্য একটি সমৃদ্ধ বাংলাদেশ তৈরিতে কাজ করছি।’