আগামী ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠেয় বিএনপির সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ষষ্ঠ কেন্দ্রীয় কাউন্সিল সামনে রেখে সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীদের মধ্যে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হয়। প্রথম দিনে সভাপতি পদে পাঁচজন ও সাধারণ সম্পাদক পদে ছয়জন নিয়ে মোট ১১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এদিন কর্মসূচির উদ্বোধন করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু জানান, তার আশা, খালেদা জিয়ার মুক্তিতে ভূমিকা রাখবে ছাত্রদলের আগামীর নেতৃত্ব। কার্যালয়ের ভেতরে এ কর্মসূচি চলাকালে বাইরে সাদাপোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আনাগোনা চোখে পড়ে। সাধারণ সম্পাদক পদপ্রার্থী সাইফ মাহমুদ জুয়েলের কাছে সংগঠনের মনোনয়নপত্র বিক্রি করে কর্মসূচির উদ্বোধন করেন ছাত্রদলের কাউন্সিল উপলক্ষে গঠিত আপিল কমিটির আহ্বায়ক দুদু। ঘোষিত তফসিল অনুযায়ী, আজ রবিবার প্রার্থীদের মধ্যে মনোনয়নপত্র বিতরণের শেষ দিন। কাউন্সিল হবে আগামী ১৪ সেপ্টেম্বর।
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে দেখা যায়, প্রার্থীরা নিজ নিজ সমর্থকদের নিয়ে উৎসবমুখর পরিবেশে কার্যালয়ের তৃতীয় তলায় দলের মহাসচিবের অফিস কক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করছেন। মনোনয়নপত্র সংগ্রহ করে ফটোসেশন করছেন। ওই সময় কার্যালয়ের সামনে ও আশপাশের গলিতে সাদাপোশাকের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ঘোরাফেরা করতে দেখা যায়। তবে কাউকে গ্রেপ্তারের ঘটনা ঘটেনি। দুপুর ২টার পর কাউন্সিলের দায়িত্বপ্রাপ্ত নেতারা কার্যালয় ছাড়েন।
ছাত্রদলের বিলুপ্ত কমিটির দপ্তর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারী দেশ রূপান্তরকে জানান, সকাল ১০টা থেকে মনোনয়নপত্র বিক্রি উদ্বোধনের পর দুপুর ২টা পর্যন্ত দুটি পদের বিপরীতে ১১ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। প্রতিটির মূল্য ধরা হয়েছে ১০০ টাকা। সভাপতি পদে যারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তারা হলেন আসাদুল আলম টিটু, মামুন খান, আবু জাহান চৌধুরী হিমেল, খলিলুর রহমান, আলিমেল হাকিম মুন্সী। সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র নিয়েছেন সাইফ মাহমুদ জুয়েল, মশিউর রহমান রনি, আলাউদ্দিন খান, এম এ কাইয়ুম, এমদাদুল হক মজুমদার ও মানসুরা আলম।
ওই সময় উপস্থিত ছিলেন ছাত্রদলের সাবেক সভাপতি আসাদুজ্জামান রিপন, রুহুল কবির রিজভী, ফজলুল হক মিলন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আজিজুল বারী হেলাল, আবদুল কাদির ভূঁইয়া জুয়েল, রাজীব আহসান, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সাধারণ সম্পাদক (জিএস) খায়রুল কবির খোকন, ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক কামরুজ্জামান রতন, সাবেক যুগ্ম আহ্বায়ক-১ এ বি এম মোশাররফ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক শফিউল বারী বাবু, হাবিবুর রশিদ হাবিব ও আকরামুল হাসান।
মনোনয়নপত্র বিতরণ কর্মসূচিতে দুদু বলেন, ‘যারা দলের এই দুঃসময়ে ছাত্রদলকে এগিয়ে নেওয়ার জন্য শত নির্যাতন উপেক্ষা করে কারাবরণ, হামলা-মামলা সহ্য করে তারেক রহমানের পরামর্শে এক হচ্ছেন, তাদের অভিনন্দন। লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বীরের বেশে দেশে ফিরিয়ে আনতে এবং কারাবন্দি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আন্দোলন ও সংগ্রামের মাধ্যমে মুক্ত করতে ছাত্রদলের আগামী নেতৃত্ব সক্রিয় ভূমিকা পালন করবে।’
ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখ ১৯ ও ২০ আগস্ট। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৩১ আগস্ট। ২২ থেকে ২৬ আগস্ট যাচাই-বাছাই শেষে ২ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ১২ সেপ্টেম্বর মধ্যরাত পর্যন্ত প্রার্থীরা ভোটের জন্য প্রচার চালাতে পারবেন। ১৪ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সভাপতি ও সাধারণ সম্পাদক পদের ভোট গ্রহণ হবে।
এর আগে গত ১৫ জুলাই ছাত্রদলের কাউন্সিলের ভোটের তারিখ নির্ধারণ করা হয়েছিল। কিন্তু বয়সসীমা নিয়ে সংগঠনের একটি অংশের টানা আন্দোলনের কারণে ঘোষিত তফসিল স্থগিত করা হয়েছিল।