ডেঙ্গু প্রতিরোধে জনগণকেই উদ্যোগ নিতে হবে : রিজভী

ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার ও সিটি করপোরেশন কার্যকর উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছে উল্লেখ করে দেশের জনগণকে নিজ উদ্যোগে প্রতিরোধ কার্যক্রম গ্রহণের আহ্বান জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল রবিবার দুপুরে শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল এলাকায় ডেঙ্গু জনসচেতনতার লিফলেট বিতরণকালে এ আহ্বান জানান তিনি।

পরে রিজভী অভিযোগ করে বলেন, লিফলেট বিতরণকালে ডা. রুবেলকে পুলিশ আটক করেছে। তিনি এর নিন্দা জানিয়ে অবিলম্বে তার মুক্তি দাবি করেন।

মিরপুরে বস্তির ক্ষতিগ্রস্ত ৮০ পরিবারকে বিএনপির অর্থসহায়তা : গতকাল রবিবার বিকেলে আগুনে পুড়ে যাওয়া মিরপুরের ঝিলপাড়ের চলন্তিকা বস্তির ক্ষতিগ্রস্ত ৮০ পরিবারের নারী-শিশুদের মাঝে অর্থসহায়তা দিয়েছে বিএনপি। লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্যোগে গঠিত নারী ও শিশু অধিকার ফোরামের পক্ষ থেকে এ অর্থসহায়তা দেওয়া হয়।