মাগুরা সদর উপজেলার রাঘবদাইড় গ্রামে একই শাড়িতে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন এক নবদম্পতি। প্রেমের বিয়ে মেনে না নেওয়ায় তারা আত্মহত্যার পথ বেছে নেয় বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার সন্ধ্যায় রাঘবদাইড় গ্রামে ছেলের বাড়ি থেকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন- স্বামী নীরব বিশ্বাস (২০) ও তার স্ত্রী শ্রাবণী বিশ্বাস (১৮)।
মাগুরা সদর থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, রাঘবদাইড় গ্রামের রবীন্দ্রনাথ বিশ্বাসের ছেলে নীরব বিশ্বাস ও শালিখা উপজেলার ধনেশ্বরগাতী গ্রামের বিশ্বজিৎ বিশ্বাসের মেয়ে শ্রাবণী বিশ্বাসের প্রেমের সম্পর্ক ছিল। আনুমানিক ২৫ দিন আগে তাদের বিয়ে হয়। তবে ছেলের বাড়ি থেকে তাদের বিয়ে মেনে নিলেও মেয়ের বাড়ি থেকে মেনে নেয়নি। তাৎক্ষণিকভাবে ধারণা করা হচ্ছে এ কারণেই আত্মহত্যা করতে পারেন তারা।
পুলিশের ওই কর্মকর্তা জানান, মঙ্গলবার বিকেল ৫টার দিকে নিজেদের শোবার ঘরে আড়ার সঙ্গে একই শাড়িতে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন তারা। এসময় বাড়িতে কেউ ছিল না।
সন্ধ্যা ৬টার দিকে বাড়ির লোকজন টেরে পেয়ে দরজা ভেঙে তাদেরকে উদ্ধার করে পুলিশকে খবর দেয়।
পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম জানান, লাশ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মাগুরা সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।