মামলা তুলে না নেওয়ায় স্ত্রীকে হত্যার হুমকি

মাদারীপুরের কালকিনিতে স্বামীর বিরুদ্ধে করা যৌতুক দাবি ও নির্যাতনের মামলা না তোলায় মনোয়ারা বেগম (৬০) নামে এক নারীকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত স্বামী মো. নুরু সিকদার (৭০) জামিনে বেরিয়ে এই হুমকি দিচ্ছেন বলে দাবি করেছেন মনোয়ারা। এর প্রতিবাদে গতকাল মঙ্গলবার উপজেলার বাঁশগাড়ী এলাকার আশ্রয়ণ প্রকল্পে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মনোয়ারার স্বজন ও এলাকাবাসী।

এলাকাবাসী ও ভুক্তভোগীর পরিবারের সদস্যরা দেশ রূপান্তরকে জানান, বাঁশগাড়ী এলাকার ভাদুরী গ্রামের শিকিমালী বেপারির মেয়ে মনোয়ারা বেগমের সঙ্গে একই এলাকার রায়চন্দ্রপুর গ্রামের জৈনদ্দীন সিকদারের ছেলে নুরু সিকদারের প্রায় ৪০ বছর আগে বিয়ে হয়। তাদের সংসারে চার সন্তান রয়েছে। কিন্তু প্রায় দুই বছর ধরে নুরু সিকদার মনোয়ারা বেগমের সংসার ছেড়ে এলাকার বিধবা এক নারীর সঙ্গে সংসার করছেন। তবে তারা এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বিয়ে করেননি। এ পরিস্থিতিতে মনোয়ারা বেগম বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে আদালতে যৌতুক দাবি ও নারী নির্যাতনের মামলা করেন। পরে পুলিশ গত ৯ আগস্ট রাতে নুরু সিকদারকে গ্রেপ্তার করে। ১৭ দিন কারাগারে থাকার পর গত ২৫ আগস্ট জামিনে বেরিয়ে মামলার বাদী স্ত্রী মনোয়ারা বেগম ও তার সন্তানদের হত্যাসহ বিভিন্ন হুমকি দিয়ে আসছেন নুরু সিকদার ও তার লোকজন। এ ব্যাপারে জানতে চাইলে কালকিনি থানার এসআই মো. রবিউর ইসলাম দেশ রূপান্তরকে বলেন, ‘নুরু সিকদারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছিলাম। তবে হুমকির বিষয় কিছু জানি না।’