বেহাল সড়কে ধানের চারা লাগিয়ে প্রতিবাদ

পটুয়াখালীর কুয়াকাটায় বেহাল সড়কের প্রতিবাদ জানিয়ে গতকাল মঙ্গলবার কর্দমাক্ত রাস্তায় ধানের চারা রোপণ করেছে শিক্ষার্থীরা। এছাড়া চলাচলের কোনো উপায় না পেয়ে সড়কের ওপরই তৈরি করেছে বাঁশের সাঁকো। রাস্তার এমন দশায় দুর্ভোগে রয়েছে স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও পর্যটকসহ ওই এলাকার পাঁচ গ্রামের প্রায় ১০ হাজার মানুষ।

স্থানীয়রা জানান, কুয়াকাটা পৌরসভার ৮নং ওয়ার্ডের আংশিক পাঞ্জুপাড়া গ্রামের মধ্যবর্তী ও লতাচাপলী ইউনিয়নের মুসুল্লিয়াবাদ গ্রামের সড়ক এটি। শেষ ১৯৮৭ সালে এ সড়কটিতে কেয়ারের অর্থায়নে মাটির কাজ করা হয়। এরপর দীর্ঘদিনেও এ সড়কটির কোনো সংস্কার করা হয়নি।