ফুলপুরে সাবিনা (১৮) নামে এক নারী পোশাককর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি হালুয়াঘাট উপজেলার কুমুরিয়া গ্রামের লিয়াকত আলীর মেয়ে।
ফুলপুর থানা পুলিশ জানায়, সাবিনা ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করতেন। একই গার্মেন্টসে চাকরির সুবাধে ফুলপুরের মাইরচাপুর গ্রামের আবদুল বারেকের ছেলে কামরুল ইসলামের (২০) সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত মঙ্গলবার সাবিনাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে উপজেলার ইমাদপুর গ্রামে মামার বাড়িতে নিয়ে যায় কামরুল। বুধবার রাতে অসুস্থ হয়ে পড়লে সাবিনাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে কামরুল ও তার পরিবারের লোকজন সাবিনার মৃতদেহ স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে পালিয়ে যায়।
ফুলপুর থানার ওসি ইমারত হোসেন গাজী জানান, গতকাল দুপুরে কামরুলের মা ফিরোজা খাতুনকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর রহস্য উদঘাটন হবে।