গাজীপুরের কালিয়াকৈর বরাব এলাকায় ট্রেনে কাটা পড়া এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম সুরেষ চন্দ্র বর্মণ (৫৫)। তিনি চাঁপাইনবাবগঞ্জের নাকলা থানার বিয়ারা কন্দপুর এলাকার খোকা চন্দ্র বর্মণের ছেলে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত সুরেষ গাজীপুর সিটি করপোরেশনের আমবাগ এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থেকে গার্মেন্টসে চাকরি করতেন। গত মঙ্গলবার সকালে তিনি বাসা থেকে বের হয়ে নিখোঁজ ছিলেন। পরে গতকাল বুধবার বরাব এলাকায় ঢাকা-রাজশাহী রেললাইনের ওপর মাথা বিচ্ছিন্ন ক্ষতবিক্ষত মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। জয়দেবপুর রেলওয়ে পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মহিউদ্দিন জানান, রাতের যেকোনো সময় ট্রেনের নিচে কাটা পড়ে সুরেষ চন্দ্র বর্মণ মারা যান। তার মাথা শরীর থেকে বিচ্ছিন্ন এবং দেহ ক্ষতবিক্ষত হয়ে গেছে।