প্রথম যকৃৎ প্রতিস্থাপন করা তরুণ ‘ডেঙ্গুতে’ মারা গেছেন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে প্রথম যকৃৎ প্রতিস্থাপনকারী সিরাতুল ইসলাম শুভ (২০) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন। গত আগস্টের মাঝামাঝি সময়ে তার মৃত্যু হলেও এত দিন এ তথ্য প্রকাশ করেনি হাসপাতাল কর্র্তৃপক্ষ। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষেও তথ্যটি পৌঁছেনি। গতকাল রবিবার ডেঙ্গু পরিস্থিতি নিয়ে

আলোচনা করতে গেলে এক চিকিৎসক দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ঈদুল আজহার সময়ই বিএসএমএমইউতে চিকিৎসাধীন অবস্থায় সিরাতুলের মৃত্যু হয়। ওই সময় দেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতির অবনতি হওয়ায় তার মৃত্যুর খবর প্রকাশ করা হয়নি। গত ২৪ জুন বিএসএমএমইউতে প্রথম রোগী হিসেবে চিকিৎসকরা লিভার সিরোসিসে আক্রান্ত এই তরুণের যকৃৎ প্রতিস্থাপন করেন। সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়িতেও ফিরেছিলেন তিনি।

জানতে চাইলে বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়–য়া সিরাতুলের মৃত্যুর তথ্য নিশ্চিত করে বলেন, ‘সফল অস্ত্রোপচারের মাধ্যমে লিভার প্রতিস্থাপন শেষে সিরাতুল সুস্থ হয়ে বাড়ি ফিরে যান। বাড়িতে গিয়ে ডেঙ্গু আক্রান্ত হন তিনি। একেবারে শেষ পর্যায়ে আমাদের কাছে এসেছিলেন। তখন আর আমাদের কিছু করার ছিল না।’ তার মৃত্যুর তথ্য স্বাস্থ্য অধিদপ্তরের তালিকায় যুক্ত হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমার কিছু জানা নেই। যারা অধিদপ্তরে তথ্য দেয় তারা বলতে পারবে।’

এদিকে বিএসএমএমইউ হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা কমেছে বলে জানিয়েছেন উপাচার্য। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ১৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন ৬৮ জন। আগের তুলনায় ডেঙ্গু রোগীর চাপ কম। আগে যেখানে প্রতিদিন ৩০০-৪০০ রোগী ডেঙ্গু পরীক্ষা করাতে আসত, সেখানে এখন ১৫০-২০০ রোগী আসে।