ঝিনাইদহে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩৫

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার তালবাড়িয়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ৩৫ জন আহত হয়েছেন।

সোমবার সকালে ওই উপজেলার তালবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে তালবাড়ীয়া গ্রামের শরিফুল ইসলাম ও সমির উদ্দিনের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল।

এরই জের ধরে রবিবার বিকেলে শরিফুলের সমর্থক বশিরের সাথে সমিরের সমর্থক জামালের কথা সাথে কাটাকাটি হয়।

এক পর্যায়ে সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের নারীসহ অন্তত ৩৫ জন আহত হন।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদের মধ্যে সুফিয়া খাতুন ও হাসিনা বেগমের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন সদর হাসপাতালের  চিকিৎসক।