দিনাজপুরের পার্বতীপুরে ৭৫ হাজার গাছের চারা লাগাবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
মঙ্গলবার থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে আগামী তিন মাস ধরে। এ উপলক্ষে মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় চত্বরে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা চত্বরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মাঝে বিভিন্ন ফলদ ও বনজ বৃক্ষের চারা বিতরণ কাজের উদ্বোধন করেন পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার শাহনাজ মিথুন মুন্নী।
এসময় উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান রুকশানা বারী রুকু, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুর রাজ্জাক প্রামাণিক ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা উপস্থিত ছিলেন।
এর আগে সংরক্ষিত বক্তব্য রাখেন, পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার শাহনাজ মিথুন মুন্নী বলেন, আজকে যারা গাছের চারা পেলেন, সেগুলো যত্ন করে বড় করতে পারলে প্রত্যেক কে পুরস্কৃত করা হবে তিনি ঘোষণা দেন।
পার্বতীপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুর রাজ্জাক প্রামানিক বলেন, এ কর্মসূচির আওতায় উপজেলার ১০ ইউনিয়ন ও এক পৌরসভায় ৭৫ হাজার ফলদ, বনজ এবং ঔষধি গাছ রোপণ করা হবে। আগামী তিন মাসের মধ্যে বাড়ির আঙ্গিনা, পুকুর পাড়, রাস্তার পাশ, মসজিদ, মাদ্রাসা ও মন্দিরের আশ-পাশ এলাকায় এসব বৃক্ষরোপণ করা হবে।