নারায়ণগঞ্জে র্যাবের সঙ্গে গোলাগুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি তুহিন ওরফে চাপাতি তুহিন নিহত হয়েছেন। বুধবার ভোরে সদর উপজেলার সৈয়দপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তুহিন দেওভোগ শান্তিনগর এলাকার কাওসার হোসেনের ছেলে।
ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তুহিনের বিরুদ্ধে হত্যা, মাদক ও চাঁদাবাজিসহ চারটি মামলা রয়েছে।
আদমজী র্যাব- ১১ এর ক্যাম্পের এএসপি মশিউর রহমান জানান, মঙ্গলবার রাতে কুমিল্লার দেবিদ্বার থেকে তুহিনকে আটক করা হয়। অস্ত্রের সন্ধানে তার দেওয়া তথ্যমতে রাতে শহরের সৈয়দপুর এলাকায় অস্ত্র ও মাদক উদ্ধারে যায় র্যাব।
এসময় আগে থেকে ওৎপেতে থাকা তুহিনের সহযোগীরা তাকে ছাড়িয়ে নিতে র্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়লে র্যাবও পাল্টা গুলি ছোড়ে। এতে দু’পক্ষের গোলাগুলিতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয় তুহিন।
পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।