বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে ফেরত পাঠানোর জন্য কমনওয়েলথভুক্ত দেশগুলোর কাছে সহযোগিতা চেয়েছেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা। গতকাল শুক্রবার কেনিয়ার রাজধানী নাইরোবিতে অনুষ্ঠিত ১২তম কমনওয়েলথ মহিলাবিষয়ক মন্ত্রীদের সম্মেলনের একটি সেশনে বক্তব্যে এ সহযোগিতা চান তিনি। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানিয়ে বলা হয়েছে প্রতিমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গা জনগোষ্ঠীর বড় অংশ নারী ও শিশু। কমনওয়েলথ নির্যাতিত রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিজ দেশে ফেরত পাঠানোসহ তাদের জীবন ও মানোন্নয়নে বড় ভূমিকা রাখতে পারে। এক মিলিয়নের বেশি মানুষকে বিপর্যয়ের মুখে রেখে কমনওয়েলথভুক্ত দেশে এসডিজির ৫ নম্বর গোলের প্রকৃত অর্জন সম্ভব হবে না।’
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বৃহস্পতিবার কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তার পক্ষে কেনিয়ার পাবলিক সার্ভিস, যুব ও জেন্ডারবিষয়ক মন্ত্রী প্রফেসর মার্গারেট কবিয়া এ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ফজিলাতুন নেসা বলেন, বাংলাদেশে ২০০৬ সালে ১৮ বছরের নিচে মেয়ে শিশুর বাল্যবিয়ের হার ছিল ৭৪ শতাংশ, তা ২০১৭ সালে কমে ৪৭ শতাংশ হয়েছে। ১৫ বছরের নিচে মেয়ে শিশুর বাল্যবিয়ের হার ৩২ শতাংশ থেকে কমে ২০১৭ সালে ১০ দশমিক ৭ শতাংশে নেমে এসেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার অনুযায়ী ২০৪১ সালে বাল্যবিয়ের হার শূন্য শতাংশে নামিয়ে আনা হবে।
কেনিয়ার রাজধানী নাইরোবিতে চার দিনব্যাপী কমনওয়েলথ মহিলাবিষয়ক মন্ত্রীদের সম্মেলনে বাংলাদেশসহ কমনওয়েলথভুক্ত ৫৩টি সদস্য রাষ্ট্রের সরকারি, বেসরকারি সংস্থা ও সিভিল সোসাইটির প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন। প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।