মাদক ও অনিয়মের বিরুদ্ধে অভিযান চলবে : তথ্যমন্ত্রী

দেশে মাদক ও অনিয়মের বিরুদ্ধে শুরু হওয়া অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। দল-মত না দেখে ঢাকার পাশাপাশি চট্টগ্রামেও অভিযান শুরু হবে বলে জানান তিনি।

গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে আন্তঃস্কুল জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

হাছান মাহমুদ বলেন, আমরা যুক্তিভিত্তিক সমাজ গঠনে বিশ্বাস করি। বিতর্ক ছাড়া সেটি সম্ভব নয়। স্কুল বিতর্ক প্রতিযোগিতা এক্ষেত্রে সহায়ক। এটি তাদের পরিশীলিত করতে ভূমিকা রাখবে।

তিনি বলেন, শুধু মেধা বিকাশে ভালো মানুষ গড়া সম্ভব নয়। এক্ষেত্রে শিক্ষক অভিভাবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষকদের অনুরোধ করব আমরা উন্নত দেশ রচনা করতে চাই। তাদের মূল্যবোধ ও দেশপ্রেমের বীজ বপন করতে হবে।

এ সময় তিনি শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্ত না হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, বিল গেটস তার সন্তানদের ১৬ বছরের আগে স্মার্টফোন দেননি। কিন্তু আমরা অনেকে সন্তানের বায়না পূরণ করতে গিয়ে আইফোন কিনে দিই।

বিটিভির মহাপরিচালক এসএম হারুন-অর-রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ওয়াসিকা আয়েশা খান, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আজহারুল হক ও মো. নুরুল করিম।