নরসিংদীর শিবপুরে দেশীয় মদ পান করে দুই তরুণের মৃত্যু হয়েছে। গত শনিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। এর আগে বৃহস্পতিবার রাতে তারা স্থানীয় শিমুলতলা বাজার এলাকায় বসে মদপান করে।
মারা যাওয়া দুজন হলেন শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের দড়িপুর গ্রামের শাকিল (২২)। সে স্থানীয় একটি ওয়ার্কশপে কাজ করত। অন্যজন হলো বাঘাবো গ্রামের সুমন মিয়া (২২)। সে স্থানীয় বালু মহালের শ্রমিক।
শিবপুর থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে শাকিল ও সুমন নরসিংদী পৌর শহরের বাজির মোড় এলাকা থেকে মদ কিনে আনে। পরে শিবপুরের শিমুলতলা বাজারে বসে দুজন মদপান করে। শাকিলের দড়িপাড়ার বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ে। এরপর শনিবার বিকেল পর্যন্ত দুজনের অতিরিক্ত ঘুমের কারণে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। শনিবার তাদের বহু ডাকাডাকির পর সজাগ হলেও তারা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। ওই সময় তাদের পেটে প্রচ- ব্যথা ও জ্বালাপোড়া শুরু হয়। অবস্থার অবনতি হলে শনিবার বিকেলে তাদের শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা তাদের ঢাকায় পাঠান। ঢাকায় নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।
নরসিংদী জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) বলেন, সন্ধ্যায় শাকিল ও সুমনকে অচেতন অবস্থায় হাসপাতালে আনা হয়। কোনো প্রকার সাড়া পাচ্ছিলাম না। পরে তাদের ঢাকায় পাঠানো হয়।