দুর্নীতিবিরোধী অভিযানে শেখ হাসিনার পাশে থাকবে জাপা

ক্যাসিনো ব্যবসাসহ বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে সারা দেশে চলমান অভিযানকে স্বাগত জানিয়ে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, এ অভিযানে জাতীয় পার্টি শেখ হাসিনাকে সর্বাত্মক সহযোগিতা দেবে। গতকাল রবিবার রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে খুলনা বিভাগীয় সাংগঠনিক কমিটির সভায় এ কথা বলেন তিনি। জিএম কাদের বলেন, ‘সঠিক ও অত্যন্ত শক্তিশালী নেতৃত্বে শেখ হাসিনা দেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি ও অনিয়ম দূর করবেন। আমরা তাকে কথা দিতে চাই, এ প্রচেষ্টায় জাতীয় পার্টি সবসময় তার পাশে থাকবে। তাকে সর্বাত্মক সহযোগিতা করবে। আমরা যখন যেভাবে পারি, যেভাবে তারা চাইবেন সেভাবে এ কর্মকাণ্ডকে সাফল্যমণ্ডিত করার জন্য সহযোগিতা করব।’

রাজধানীর কলাবাগান ক্লাবে ক্যাসিনো পরিচালনায় জাপার প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সেন্টুর নাম উঠে এসেছে। এ বিষয়ে জানতে চাইলে জিএম কাদের বলেন, ‘এ বিষয়ে পরে বলব।’

আগামী ২৮ ডিসেম্বর ঢাকায় জাপার কেন্দ্রীয় কাউন্সিলের আগে বিভিন্ন জেলা ও উপজেলা কমিটিগুলোকে ঢেলে সাজানোর কথা জানান জিএম কাদের। তৃণমূলে দলের খারাপ অবস্থার বিষয়টি স্বীকার করে তিনি বলেন, ‘অনেক জায়গায় আমাদের পূর্ণাঙ্গ কমিটির মেয়াদ ফুরিয়েছে। প্রায় জায়গায় সমস্যা আছে, বিশৃঙ্খলা আছে। কাউন্সিলের আগে এসব গুছিয়ে নিতে না পারলে সংগঠনকে সার্বিকভাবে শক্তিশালী করতে পারব না আমরা।’

দলীয় সিদ্ধান্ত না মানলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে নেতাকর্মীদের হুঁশিয়ারি দেন জাপা চেয়ারম্যান। তিনি বলেন, ‘দলে যারা দ্বন্দ্বে জড়িয়েছেন, শৃঙ্খলা ও ঐক্যের স্বার্থে তাদের মীমাংসা করতে বলব। তবে যুক্তি-তর্কের পরেও যারা একমত হবেন না, তাদের বিষয়ে আমি কঠিন হব। আমরা নতুন ধারায় অগ্রসর হতে যাচ্ছি। সামনের দিকে গঠনতন্ত্র সংস্কার ও সংশোধন করতে হলে যা করতে হবে, তা করব।’

সভায় আরও বক্তব্য দেন খুলনা বিভাগীয় সাংগঠনিক কমিটির আহ্বায়ক সাহিদুর রহমান টেপা ও সদস্য সচিব সুনীল শুভ রায়।