উখিয়ার পূর্বরত্না গ্রামের কুয়েত প্রবাসী রোকেন বড়ুয়ার পরিবারের চার সদস্যকে গলা কেটে হত্যার ঘটনায় মামলা হয়েছে।
গত বৃহস্পতিবার রাতে তার শ্বশুর শশাঙ্ক বড়ুয়া বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে উখিয়া থানায় এ মামলা করেন।
এদিকে শুক্রবার দুপুর ২টার দিকে কক্সবাজার সদর হাসপাতাল মর্গ থেকে লাশগুলো নিজ গ্রামে নিয়ে যাওয়া হয়। বিকেল ৩টার দিকে পূর্ব রত্নাপালং আনন্দ বৌদ্ধ বিহার প্রাঙ্গণে ধর্মীয় সভা শেষে ৫টার দিকে মধ্যরত্না কেন্দ্রীয় বৌদ্ধ শ্মশানে তাদের দাহ কার্য সম্পন্ন হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ফারুক হোসেন বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় অনেক ক্লু পেয়েছি। তদন্তের স্বার্থে কিছু বলা যাচ্ছে না। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
গত বুধবার রাতের কোনো এক সময় রোকেনের বাড়িকে ঢুকে তার মা সখী বড়ুয়া (৬৫), স্ত্রী মিলা বড়ুয়া (২৬), ছেলে রবীন বড়ুয়া (২) ও ভাই শিপু বড়ুয়ার মেয়ে সনি বড়ুয়াকে (৬) গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।