সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় কলেজপড়ুয়া মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা আবদুর রউফ ওরফে আবু সাঈদকে (৪৫) হত্যা করার অভিযোগ করেছে তার পরিবার। গত বুধবার রাতে উপজেলার গান্ধাইল ইউনিয়নের দুবলাই গ্রামে এ ঘটনা ঘটে। আবু সাঈদ গ্রামের কোরবান আলী মণ্ডলের ছেলে।
নিহতের ভাই আবু তালেব বাদী হয়ে আমিনুল ইসলামসহ ১৬ জনকে আসামি করে কাজিপুর থানায় হত্যা মামলা করেন। পরে রাতেই আমিনুল ইসলামকে (৩০) গ্রেপ্তার করে পুলিশ।
নিহতের পরিবার ও পুলিশ জানায়, আবু সাঈদের মেয়ে সিরাজগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ব্যবস্থাপনা বিভাগের অনার্স প্রথম বর্ষে পড়েন। উচ্চমাধ্যমিকে পড়াকালীন গৃহশিক্ষক কাজিপুর উপজেলা সদরের আলমপুর গ্রামের আমিনুল ইসলামের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু অনার্সে ভর্তির পর তা ভেঙে যায়। এরপরও আমিনুল প্রায়ই মেয়েটিকে কলেজে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করতেন।
মেয়েটির পরিবার বেশ কয়েকবার তাকে সতর্ক করে। কিন্তু এতে আমিনুল আরও বেপরোয়া হয়ে ওঠেন। সহযোগীদের নিয়ে গত বুধবার দুপুরে বাড়ি ফেরার পথে মেয়েটিকে উত্ত্যক্ত করতে থাকেন। খবর পেয়ে বাবা আবু সাঈদ ঘটনাস্থলে গিয়ে তার প্রতিবাদ করেন। এ সময় আমিনুলনরা তাকে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে স্থানীয়রা উদ্ধার করে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।
কাজিপুর থানার ওসি এ কে এম লুৎফর রহমান জানান, ময়নাতদন্ত শেষে লাশ স্বজনেরা নিয়ে গেছেন। মামলার পর রাতেই আমিনুলকে গ্রেপ্তার করা হয়েছে।