যেকোনো মুহূর্তে ধাক্কা দিলেই সরকারের পতন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। তিনি বলেছেন, ক্ষমতাসীন অবৈধ সরকারকে ভয় করার কিছু নেই। তাদের পায়ের নিচে মাটি নেই। তারা দোদুল্যমান অবস্থায় আছে।
গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আয়োজিত প্রতীকী অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। নাগরিক অধিকার আন্দোলন ফোরাম এই কর্মসূচির আয়োজন করে।
খন্দকার মাহবুব বলেন, পাতানো নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতায় এসেছে। তাদের উচিত নিরপেক্ষ সরকারের মাধ্যমে নির্বাচন করা। তা ছাড়া আপনাদের পতন কিন্তু আসন্ন। আপনাদের পায়ের নিচে মাটি নেই। আশপাশে কেউ নেই আপনাদের।’
তিনি আরও বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন প্রধানমন্ত্রীর কাছে নাকি অপরাধীদের তালিকা আছে। তালিকা রেখে লাভ নেই। আমরা দেখতে চাই কারা সেই অপরাধী। তাদের গ্রেপ্তার করে বিচারের কাঠগড়ায় নিয়ে আসতে হবে।
মাহবুব হোসেন বলেন, এখনো সময় আছে আপনি পদত্যাগ করুন। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন। হাইকোর্ট নিয়ে খেলতে যাবেন না। বিচার বিভাগকে নিয়ে খেলতে যাবেন না। বিচারকরাও আপনার খেলার সঙ্গী আর হবে না।
তিনি বলেন, হাইকোর্টের বিচার যদি থাকে, সংবিধান অনুযায়ী বিচার যদি করতে পারে তাহলে হাইকোর্টের অস্তিত্ব থাকবে। নতুবা অস্তিত্ব থাকবে কি না, সেটা নিয়ে আমরা সন্দিহান।