হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাকস্থলীতে করে ইয়াবা পাচারকালে মো. শাকিল মিয়া (২৫) নামে এক যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করে বিমানবন্দর আর্মড পুলিশ। এ সময় তার কাছ থেকে ২ হাজার ২৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন বলেন, বৃহস্পতিবার রাতে কক্সবাজার থেকে ইউএস-বাংলার একটি ফ্লাইটে ঢাকায় আসেন শাকিল। সন্দেহজনক আচরণের কারণে তাকে অনুসরণ করেন বিমানবন্দর আর্মড পুলিশের সদস্যরা। পরে হেফাজতে নিয়ে তল্লাশি ও জিজ্ঞাসাবাদের একপর্যায়ে পাকস্থলীতে ইয়াবার কথা স্বীকার করেন শাকিল। তিনি জানান, টেকনাফের জনৈক আবিরের কাছ থেকে এই ইয়াবা এনেছেন। রাজধানীর খিলক্ষেত থানার ডুমনি এলাকার নয়াপাড়া গ্রামের মো. শাহাজদ্দিনের ছেলে শাকিলের বিরুদ্ধে গতকাল বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে জানিয়ে আলমগীর বলেন, উদ্ধার ইয়াবার বাজারমূল্য প্রায় সাড়ে ১১ লাখ টাকা।