ঝিনাইদহে বাসের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

ঝিনাইদহ সদরে বাসের ধাক্কায় আমিরুল ইসলাম (২৮) নামে পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। সোমবার বেলা পৌনে ১১টার দিকে উপজেলার ছালাভরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আমিরুল ইসলাম ঝিনাইদহ সদর উপজেলার কাতলামারি পুলিশ ক্যাম্পে কর্মরত ছিলেন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি মঈনউদ্দিন জানান, সকালে মোটরসাইকেলযোগে আমিরুল ইসলাম কালীগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিলেন। ছালাভরা নামক স্থানে পৌঁছালে পেছন দিক থেকে গড়াই পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়।

এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।