ঘুড়ি ওড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে প্রাণ গেল স্কুলছাত্রের

রাজধানীতে ঘুড়ি ওড়াতে গিয়ে বাড়ির ছাদ থেকে পড়ে মোরসালিন আহমেদ মাহিন (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুরে দারুস সালামের হরিরামপুরে এ ঘটনা ঘটে। মাহিন স্থানীয় দারুসসালাম উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।
নিহতের বড় বোন শান্তা আক্তার দেশ রূপান্তরকে জানান, শনিবার দুপুর ১টার দিকে নিজেদের দোতলা বাড়ির ছাদে ঘুড়ি ওড়াচ্ছিল মাহিন। হঠাৎ সে পা পিছলে নিচে পড়ে যায়। তাকে প্রথমে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতলের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ এএসআই আবদুল খান জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দারুসসালাম থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।