বাগেরহাটের ফকিরহাটে ব্যাংকে যাওয়ার পথে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে দুই ব্যক্তি আহত হয়েছেন। তাদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল রবিবার সকালে খুলনা-মোংলা মহাসড়কের ফকিরহাট উপজেলার শুকদাড়া মহিষ প্রজনন খামারের সামনে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ দুজন হলেন বাগেরহাটের ফকিরহাট উপজেলার শ্যামবাগাত গ্রামের নিয়ামত হোসেন (৪০) ও সদর উপজেলার চুলকাঠি এলাকার রাধা দাস (৪৫)।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফকিরহাট থানার ওসি আ ন ম খায়রুল আনাম বলেন, সকাল ১০টার দিকে সদর উপজেলার চুলকাঠি বাজারের মেসার্স রিয়া স্টোরের কর্মচারী নিয়ামত হোসেন সঙ্গী রাধা দাসকে নিয়ে মোটরসাইকেলে কাটাখালির বেসরকারি সাউথবাংলা এগ্রিকালচার ব্যাংকের উদ্দেশে রওনা দেন। পথে খুলনা-মোংলা মহাসড়কের ফকিরহাট উপজেলার শুকদাড়া মহিষ প্রজনন খামারের সামনে পৌঁছলে পেছন থেকে অন্য একটি মোটরসাইকেলে থাকা তিন দুর্বৃত্ত ওই দুজনকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
এতে দুজন গুলিবিদ্ধ হন। তাদের কাছে কী পরিমাণ টাকা ছিল এবং তা ওই দুর্বৃত্তরা নিতে পেরেছে কি না তা নিশ্চিত করতে পারেননি ওই পুলিশ কর্মকর্তা।