লক্ষ্মীপুরের রামগঞ্জে চোর সন্দেহে গণপিটুনিতে নজরুল ইসলাম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে দরবেশপুরের জগৎপুর গ্রামের ফকির মোহাম্মদ মিঝি বাড়িতে এই ঘটনা ঘটে। নজরুল ইসলাম একই গ্রামের প্রয়াত খলিলুর রহমানের ছেলে।
এলাকাবাসী জানায়, সোমবার রাত ৩টার দিকে মিঝি বাড়িতে চুরির চেষ্টা চালায় সংঘবদ্ধ চোরদের একটি দল। সিঁধ কেটে ঘরে ঢোকার সময় বাড়ির গৃহকর্তা মোস্তাফিজুর রহমান টের পেয়ে যান। এ সময় দলটির সদস্য নজরুল ইসলামকে জড়িয়ে ধরে চিৎকার করেন তিনি। মোস্তাফিজুর রহমানকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টাও করেছিল নজরুল। কিন্তু গ্রামের লোকজন এসে তাকে ধরে ফেলে। পরে তাকে গণপিটুনি দেওয়া হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সকাল ৯টার দিকে নজরুলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান দেশ রূপান্তরকে জানান, নজরুল ইসলাম এলাকার চিহ্নিত চোর। বেশ কিছুদিন এলাকা ছেড়ে কুমিল্লায় ছিল। সে ফিরে এসে আবারও এলাকায় চৌর্যবৃত্তি শুরু করে। এলাকার লোকজন ক্ষিপ্ত হয়ে এমন ঘটনা ঘটিয়েছে।
রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, অতিরিক্ত পুলিশ সুপার স্পিনা রানী প্রামাণিক ও রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সরকারি হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।