গাইবান্ধায় বিক্ষোভ মিছিল সমাবেশ

সাঁওতালদের উচ্ছেদের পাঁয়তারার প্রতিবাদ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নস্থ রংপুর চিনিকলের মালিকানাধীন একই উপজেলার সাপমারা ও কাটাবাড়ী ইউনিয়নের সাহেবগঞ্জ ইক্ষু খামারের ভেতরে নতুন করে নির্মাণ করা ঘর উচ্ছেদের পাঁয়তারার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাঁওতাল-বাঙালিরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকায় সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভ‚মি উদ্ধার সংগ্রাম কমিটি এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে।

প্রথমে সাপমারা ইউনিয়নের সাঁওতাল-বাঙালি অধ্যুষিত জয়পুর ও মাদারপুর গ্রাম থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে সাঁওতাল-বাঙালিরা। পরে মিছিলটি গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে সাহেবগঞ্জ ইক্ষু খামারের পাশে কাটামোড়ে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাস্কে, সজন্তি মার্ডি প্রমুখ।

বক্তারা বলেন, এক সপ্তাহ ধরে আমরা আমাদের বাপ-দাদার জমিতে ঘর নির্মাণ করেছি। প্রশাসন সেই ঘর ভাঙতে এলে আমরা তা প্রতিরোধ করব। সমাবেশ শেষে মিছিল নিয়ে আবারও সাঁওতাল-বাঙালিরা নিজেদের গ্রামে ফিরে যায়। উল্লেখ্য, ২০১৬ সালের ১ জুলাই তারা সাহেবগঞ্জ ইক্ষু খামারের ভেতরে ঘর নির্মাণ করলে সে বছরেরই ৬ নভেম্বর পুলিশ ও চিনিকল কর্র্তৃপক্ষের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষের পর ঘরবাড়ী জ্বালিয়ে দিয়ে তাদের উচ্ছেদ করে দেওয়া হয়। ওই সংঘর্ষে তিনজন সাঁওতাল মারা যায়।