চট্টগ্রামের রোজভ্যালির চিত্রভাষা গ্যালারিতে চলছে রূপালী রায়ের একক চিত্র প্রদর্শনী ‘অন্তর্গত অবয়ব’। বৃহস্পতিবার বিকেল ৫টায় তিন দিনের প্রদর্শনীটি উদ্বোধন করেন চিত্র সমালোচক অধ্যাপক আবুল মনসুর।
তিনি বলেন, “আমাদের শিল্পচর্চা সবার জন্য হওয়া দরকার ছিল, যা এত বছরেও হয়ে ওঠেনি। শিল্পকর্ম শুধু দেওয়ালে টাঙানো ছবিই নয়। শিল্পী রূপালী রায়ের ছবি দেখে আমার মনে হয়েছে তার কাজে বাস্তবতার প্রতিফলন রয়েছে। বাস্তবকে শিল্পী নিজের মতো করে উপস্থাপন করেছেন।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্প সমালোচক রেজাউল করিম সুমন।
তিনি বলেন, “রূপালী রায়ের নানা মাধ্যমের কাজগুলো ইঙ্গিতময়। পটচিত্র যেমন তাকে অনুপ্রাণিত করেছে, তেমনি প্রথাগত শিল্প প্রকাশেও তিনি স্বচ্ছন্দ। তার দুর্গা সিরিজের ছবিগুলো নারী শক্তির ভিন্ন মাত্রার উপস্থাপন। তার প্রদর্শনীর নামকরণ অন্তর্গত অবয়ব বা ইনার ইমপ্রেশন, শিল্পী নভেরা আহমেদের একটি প্রদর্শনীর নাম ছিল ইনার গেইজ, এ-দুটি নামকরণে কোথাও দূরবর্তী সংযোগ খুঁজে পাই।”
গ্যালারির সমন্বয়ক মইনুল আলম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন শিল্পী দিলারা বেগম জলি, হায়দারী আন্দালুসিয়া, সামিনা এম করিম, চৌধুরী যুবরাজ, রাশেদ হাসান, রাজীব নন্দী প্রমুখ।
প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত ২২টি শিল্পকর্মের এ প্রদর্শনী শেষ হবে ১৯ অক্টোবর।