শ্বাসরোধে শিশু হত্যা বাবার নামে মামলা

ফরিদপুরের সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নের চাঁদপুর গ্রামে শিশুসন্তানকে শ্বাসরোধে হত্যার অভিযাগ উঠেছে বাবা হানিফ প্রামাণিকের বিরুদ্ধে। গত শুক্রবার রাতে বাড়িসংলগ্ন ধানক্ষেত থেকে রহমত প্রামাণিকের (৩) লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় গতকাল শনিবার স্বামীকে আসামি করে হত্যা মামলা করেছেন নিহতের মা স্বপ্না আক্তার।

স্বপ্না আক্তার বলেন, ‘আমার ছেলেকে স্বীকার করছিলেন না স্বামী। এ নিয়ে তার সঙ্গে বেশ কিছুদিন গণ্ডগোল চলছিল। শুক্রবার বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি আসি। এরপর ছেলে নিয়ে তার সঙ্গে আবারও ঝগড়া হয়। রাত ৯টার দিকে ঘুম থেকে জেগে দেখি আমার ছেলে নেই। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশে ধানক্ষেতে লাশ পাই। খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।’ ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছেন বলেও জানান তিনি।

সদরপুর থানার ওসি মো. লুৎফর রহমান জানান, ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের মা স্বামীকে আসামি করে হত্যা মামলা করেছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।