বোমা হামলার প্রতিবাদে মানববন্ধন

যশোরের বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক আজিম উদ্দিন গাজীর বাড়িতে বোমা হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বন্দর ব্যবহারকারী সাত সংগঠনের নেতাকর্মীরা। গতকাল মঙ্গলবার সকালে বেনাপোলে কাস্টম হাউজের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

সংগঠনগুলো হলো বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন, বেনাপোল ট্রাক মালিক সমিতি, আমদানি-রপ্তানিকারক সমিতি, সিঅ্যান্ডএফ কর্মচারী ইউনিয়ন, বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন, ট্রাক শ্রমিক ইউনিয়ন ও ট্রান্সপোর্ট মালিক সমিতি। মানববন্ধন শেষে এসব সংগঠনের নেতারা সমাবেশে অভিযোগ করেন ট্রাক থেকে টোল আদায় বন্ধের সূত্র ধরে এই হামলা চালানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত বিচার দাবি করেন তারা।

বেনাপোল স্থলবন্দর থানার ওসি মামুন খান জানান, গত শুক্রবার গভীর রাতে ট্রান্সপোর্ট ব্যবসায়ী আজিম উদ্দিন গাজীর বেনাপোলের দিঘিরপাড় বাড়িতে বোমা হামলা করেছে দুর্বৃত্তরা। তবে এ সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এ বিষয়ে তদন্ত চলছে।