বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসবের আর সম্ভাবনা দেখছি না: লুভা নাহিদ

প্রস্তুতি নিয়েও ভেন্যু বরাদ্দ না পাওয়ার কারণে এই বছর অনুষ্ঠিত হচ্ছে না ‘বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব’। উৎসবটির আর সম্ভাবনাও দেখছে না আয়োজক প্রতিষ্ঠান বেঙ্গল ফাউন্ডেশন।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জানানো হয়, ভেন্যু হিসেবে আর্মি স্টেডিয়াম বরাদ্দ না পাওয়ায় উৎসবটি এ বছর বাতিল করা হয়েছে।

এদিকে পর পর দু-বছর উৎসবটি বাতিল হওয়ার কারণে ২০২০ সালেও অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা নেই বলে দেশ রূপান্তরকে জানালেন বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী।

তিনি বলেন, “পর পর দু-বছর যেহেতু উৎসবটি করা গেলো না। তাই আমাদের দিক থেকে আর উৎসবটি আয়োজনের সম্ভাবনা দেখছি না।”

২০১২ সাল থেকে প্রতিবছর নভেম্বরের শেষ সপ্তাহে রাজধানীর আর্মি স্টেডিয়ামে আয়োজিত হয়ে আসছে উপমহাদেশের সবচেয়ে বড় উচ্চাঙ্গসংগীতের এই আসর।

২০১৭ সালে এসে ভেন্যু জটিলতার মধ্যে পড়ে উৎসবটি। ওই বছর নভেম্বরে আর্মি স্টেডিয়াম বরাদ্দ না পেলেও ডিসেম্বর মাসে ধানমন্ডির আবাহনী মাঠে আয়োজন করা হয়। পরের বছর ২০১৮ সালেও উৎসবের জন্য আর্মি স্টেডিয়ামে বরাদ্দ পাওয়া নিয়ে জটিলতা তৈরি হয়। ওই বছরে আয়োজনটি পিছিয়ে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে করা হবে বলে বেঙ্গল ফাউন্ডেশন থেকে জানানো হয়। পরে ফেব্রুয়ারিতেও অনুষ্ঠিত হয়নি। এরপর নভেম্বরে আয়োজনের চেষ্টা করে বেঙ্গল ফাউন্ডেশন।

নভেম্বরেও ভেন্যু বরাদ্দ না পাওয়ার কারণে ভবিষ্যতে উৎসবটির আয়োজন করা সম্ভব হবে না বলেই মনে করছেন লুভা নাহিদ চৌধুরী।

তিনি বলেন, “আমরা ব্যাপারটিকে ইতিবাচকভাবেই দেখছি। হাজার হাজার মানুষের নিরাপত্তার কথা ভেবে ঢাকা শহরে উৎসবটি করার মতো আর্মি স্টেডিয়াম ছাড়া আর কোনো ভেন্যুও নেই। সেখানে যেহেতু ভেন্যু বরাদ্দ পাওয়া যাচ্ছে না, তাই আমাদের দিক থেকে উৎসবটি আর আয়োজনের সম্ভাবনা দেখছি না।”

বেঙ্গল ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, আগামী ২৮ নভেম্বর থেকে পাঁচ দিনব্যাপী বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসবের সপ্তম অধিবেশন আয়োজনের পরিকল্পনা চূড়ান্ত করা হয়।

প্রতিবারের মতো এ বছরও গোড়ার দিকে পাঁচ দিনব্যাপী সারা রাতের অনুষ্ঠানের জন্য আর্মি স্টেডিয়াম বরাদ্দ চেয়ে সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের কাছে আবেদন করা হয়। কিন্তু ছাড়পত্র পায়নি আয়োজকেরা।