মাদক সেবনের ভিডিও ফাঁস হওয়ার পর যশোর কোতোয়ালি থানার সেকেন্ড অফিসার এসআই আমিরুজ্জামানকে পুলিশ লাইনসে ক্লোজড করা হয়েছে। থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান গত রবিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।
সম্প্রতি এসআই আমিরুজ্জামান, এসআই ইকবাল হোসেনসহ তিনজনের একটি ভিডিও ফেইসবুকে ভাইরাল হয়। এতে দেখা যায়, আমিরুজ্জামান, ইকবালসহ তিনজন খালি গায়ে একটি বেড়ার ঘরে বসে তাস খেলছেন। খেলার ফাঁকে ইয়াবা সেবন করছেন আমিরুজ্জামান।
জানা যায়, যশোর উপশহর বাবলাতলা এলাকার জনৈক পিয়ালের গ্যারেজে মাঝেমধ্যেই আসর বসান আমিরুজ্জামান। বিভিন্ন সময়ে পুলিশ সদস্যদের নিয়ে তিনি রাতে সেখানে অবস্থান করেন। তখন জমে ওঠে ইয়াবা ও তাসের আসর।
এ বিষয়ে জানতে আমিরুজ্জামানের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। ওসি মনিরুজ্জামান বলেন, ‘আমিরুজ্জামানের বিষয়ে পুলিশ সুপার ব্যবস্থা নিয়েছেন। আজই তাকে যশোর পুলিশ লাইনসে ক্লোজড করা হয়েছে। এ ছাড়া ইকবাল নামে থানায় কোনো পুলিশ অফিসার নেই।’