মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল সিদ্দিকী লিটনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে গতকাল সোমবার দুপুরে মহম্মদপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে গ্রামছাড়া ১৪ পরিবারের সদস্যরা। এ সময় প্রধানমন্ত্রী ও প্রশাসনের কাছে পরিবারের সদস্যদের জানমালের নিরাপত্তা ও আশ্রয়ের আবেদন জানিয়েছে ভুক্তভোগীরা।
সংবাদ সম্মেলনে নহাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ আক্তারুজ্জামান লিখিত বক্তব্যে বলেন, ‘গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোস্তফা কামাল সিদ্দিকী লিটন পরাজিত হন। তার বিপক্ষে ভোট দেওয়ায় প্রতিশোধ নিতে সন্ত্রাসী বাহিনী দিয়ে পানিঘাটা এলাকায় ত্রাস সৃষ্টির মাধ্যমে চাঁদাবাজি, ভূমিদখল, লুটপাট শুরু করেন। লিটনের লেলিয়ে দেওয়া সন্ত্রাসী বাহিনীর অত্যাচারে পানিঘাটা গ্রাম থেকে ১৪টি পরিবার এখন গ্রামছাড়া হয়ে মানবেতর জীবনযাপন করছে।’
এ ব্যাপারে মোস্তফা কামাল সিদ্দিকী লিটন সব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘সংবাদ সম্মেলনের মাধ্যমে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে মিথ্যাচার করা হয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’