হিযবুত তাহরীর সদস্যের ২৭ বছর কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে আলাদা তিনটি মামলায় নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহরীর সদস্য ওমর ফারুক ওরফে হ্যালিকে ২৭ বছর কারাদণ্ড দিয়েছে আদালত। গতকাল বুধবার দুপুরে বিশেষ ট্রাইব্যুনাল-২-এর বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ শওকত আলী এ দণ্ড দেন। ওমর ফারুক চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার ঘোড়াপাখিয়া গ্রামের সাদিকুল ইসলামের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আঞ্জুমান আরা দেশ রূপান্তরকে জানান, ২০১৬ সালের ১৩ জুন ঘোড়াপাখিয়া এলাকার একটি আমবাগানে গোপন বৈঠকের প্রস্তুতি নিচ্ছিল হিযবুত তাহরীরের সদস্যরা। খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে গিয়ে ওমর ফারুককে গ্রেপ্তার করে। তবে তার সহযোগীরা পালিয়ে যায়। ওই সময় তার কাছ থেকে একটি পিস্তল ও ৫০০ গ্রাম গানপাউডার উদ্ধার করা হয়। এ ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক রাখার অভিযোগে দুটি এবং নিষিদ্ধ সংগঠনে সংশ্লিষ্টতার অভিযোগে একটি মামলা করে পুলিশ। পরে নিষিদ্ধ সংগঠন ও অস্ত্র রাখার দায়ে ১০ বছর করে ২০ বছর এবং গানপাউডার রাখায় দায়ে ৭ বছরের কারাদণ্ড দেয় আদালত।