ক্রীড়াঙ্গনের অস্থিরতা সামগ্রিক অবস্থার প্রতিফলন : ফখরুল

দেশের ক্রীড়াঙ্গনে যে অস্থিরতা চলছে, তা দেশের সামগ্রিক অবস্থারই প্রতিফলন বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গতকাল বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করে তিনি বলেন, কারণ সরকার যেভাবে দেশ চালাচ্ছে তাতে কাউকে কোনো জবাবদিহি করতে হচ্ছে না। আজ দেশের প্রত্যেকটি ক্রীড়া ফেডারেশনই অর্থ আয়ের প্রতিষ্ঠানে রূপ নিয়েছে। মির্জা ফখরুল বলেন, সব খেলার ক্লাবগুলো এখন অর্থ উপার্জনের পেছনে ছুটছে। সেটা আমরা অভিযানে দেখছি। প্রত্যেকটি ক্লাব ক্যাসিনো চালায়। এটি ক্রিকেট বোর্ড বা ফুটবল ফেডারেশন জানত না?  ক্রীড়ামন্ত্রী জানেন না? অর্থাৎ সরকারের কোনো শাসন নেই। তারা সব জায়গায় ব্যর্থ। দেশে কোনো সুশাসন নেই। এর ফলে এ ধরনের ঘটনা ঘটছে। তিনি বলেন, ক্রিকেটার সাকিব আল হাসানকে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দেওয়া দুই বছরের নিষেধাজ্ঞার শািস্ত সত্যিই দুঃখজনক। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা।

৭ নভেম্বর উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা : সংবাদ সম্মেলনে ৭ নভেম্বর উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করে মির্জা ফখরুল বলেন, বিপ্লব ও সংহিত দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর সারা দেশে বিএনপির সব কার্যালয়ে সকাল ৬টায় জাতীয় পতাকা উত্তোলন এবং ১০টায় জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন দলের নেতাকর্মীরা। ওইদিন সভা-সমাবেশ হবে কি না তা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচনা করে জানানো হবে। বিএনপির পাশাপাশি দলের অঙ্গ-সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি পালন করবে। বিএনপি কেন্দ্রীয়ভাবে একটি আলোচনা সভা করবে। সেটি  ৬ অথবা ৮ নভেম্বর করা হবে। আমাদের সভায় প্রস্তাব এসেছে সমাবেশ করার জন্য। বিষয়টি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে কথা বলে পরে জানাব।

এর আগে অনুষ্ঠিত যৌথসভায় ছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হাবিব-উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা।