যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরের লং বিচ এলাকায় গত মঙ্গলবার রাতে এক হ্যালোয়েন পার্টিতে গোলাগুলিতে অন্তত তিনজন নিহত ও নয়জন আহত হয়েছে বলে জানিয়েছে সিএনএন।
গোলাগুলির ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে খুঁজছে লস অ্যাঞ্জেলেস পুলিশ কর্তৃপক্ষ। পুলিশের মতে, গোলাগুলির পর ঘটনাস্থল থেকে ওই ব্যক্তি পালিয়ে যায়। তবে সন্দেহভাজন সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ। লং বিচ এলাকার ৭ নম্বর রাস্তার টেম্পল অ্যাভিনিউয়ে রাত ১০টা ৪৪ মিনিটের দিকে গোলাগুলির ঘটনা ঘটে।
স্থানীয় টেলিভিশন চ্যানেলে প্রচারিত গোলাগুলির ঘটনার ভিডিওতে দেখা যায়, লস অ্যাঞ্জেলেসের লং বিচের আবাসিক এলাকার পাশে গুলিতে আহতদের চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে।
লং বিচ পুলিশ মুখপাত্র জেনিফার ডি প্রেজ বলেন, ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর পর বিক্ষিপ্ত অবস্থা দেখতে পায়। পার্টি সেন্টারটির বাইরে ছিল স্থানীয় বাসিন্দাদের ভিড়। গুলিতে তিনজনের মৃত্যু হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বয়স ২০ থেকে ৪৯ বছরের মধ্যে।
গোলাগুলির সময় পার্টিতে ঠিক কতজন উপস্থিত ছিল এবং গুলির সূত্রপাত কীভাবে, তা কিছুই জানায়নি পুলিশ। তবে স্থানীয়দের মতে, ঘটনাস্থলে প্রায় ২০ বার গুলির শব্দ শুনতে পেয়েছেন তারা।