বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ সংলাপ শুরু

কক্সবাজারে শুরু হয়েছে বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ সংলাপ। গতকাল শুক্রবার বিকেলে ইনানী এলাকার একটি হোটেলে আয়োজিত দুই দিনের এই সংলাপের উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে সর্বভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাধারণ সম্পাদক রাম মাদভ বানারাসি, আসাম প্রাদেশিক সরকারের অর্থমন্ত্রী  হেমন্ত বিশ্ব শর্মা, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ, বিমসটেকের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বক্তব্য রাখেন।

বাংলাদেশ ফাউন্ডেশন ফর রিজিওনাল স্টাডিস ও ইন্ডিয়া ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে, বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমর্থনে ও ফ্রেন্ডস অব বাংলাদেশের ব্যবস্থাপনায় ‘বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ ডায়ালগ’-এর নবম আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানকসহ দুই দেশের সংসদ সদস্য, কূটনীতিক, বিশিষ্ট রাজনীতিক, বুদ্ধিজীবী, গবেষক, নিরাপত্তা ও অর্থনৈতিক বিশ্লেষকসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।