বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, সরকারের নির্যাতন-নিপীড়নের কারণে শুধু তাদের ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা নন, গোটা দেশের মানুষ আজ অসুস্থ। গতকাল শুক্রবার বাদ আসর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে চিকিৎসাধীন খোকার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ অভিযোগ করেন।
দোয়া পরিচালনা করেন ওলামা দলের সভাপতি হাফেজ মাওলানা নেছারুল হক। এর আগে জুমার নামাজের পর সেখানে কোরআন খতমের আয়োজন করা হয়। খোকার রোগমুক্তি কামনায় এদিন ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন মসজিদেও দোয়া মাহফিল হয়। মির্জা ফখরুল বলেন, আজকে সারা দেশের মানুষ অসুস্থ হয়ে পড়েছে। কারণ ১০ বছর ধরে নিপীড়ন-নির্যাতন চালাচ্ছে সরকার। খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে বন্দি করে রাখা হয়েছে। অসুস্থ হলেও তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে না। খোকার পাশাপাশি তার পরিবারের সব সদস্যের বিরুদ্ধে মামলা রয়েছে অভিযোগ করে তিনি বলেন, বিএনপির এমন কোনো নেতা নেই যার নামে মামলা নেই। পরিবারের সদস্যদের নামেও মামলা হয়েছে। তাই আসুন এ স্বৈরাচারী সরকারকে হটিয়ে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করি। বিএনপি মহাসচিব বলেন, আজকের এই দিনে আসুন আমরা দোয়া করি, আল্লাহ যেন আমাদের আজাব-নিপীড়ন থেকে মুক্ত করে দেন। সেই সঙ্গে দেশনেত্রীর মুক্তি ও সাদেক হোসেন খোকার সুস্থতা কামনা করছি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আজকে দেশের মানুষ মানসিক পীড়নের মধ্যে রয়েছেন। দেশে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নেই। গণতন্ত্রহীনতার কারণে আজকে দেশের এ অবস্থা। তিনি বলেন, দেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থা থাকলে, আইনের শাসন থাকলে, বিরোধী রাজনীতিকদের ওপর নিপীড়ন-নির্যাতন না থাকলে অসুস্থ হলেও সাদেক হোসেন খোকা মাঝেমধ্যে দেশে আসতেন। কিন্তু সরকারের নিপীড়ন-নির্যাতনের কারণে খোকা ইচ্ছা করলেও দেশে আসতে পারেননি।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব-উন-নবী খান সোহেলের সভাপতিত্বে দোয়া মাহফিল পরিচালনা করেন দক্ষিণের সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার। অনুষ্ঠানে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা ফজলুল হক মিলন, মীর সরফত আলী সপু, মীর নেওয়াজ আলী নেওয়াজ, আমিনুল হক, তাইফুল ইসলাম টিপু, শামসুজ্জামান সুরুজ, আমিরুজ্জামান খান শিমুল, চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান প্রমুখ অংশ নেন।