কাশিমপুর কারাগারে আজহারের সঙ্গে আইনজীবীদের সাক্ষাৎ

সর্বোচ্চ আদালতে মৃত্যুদণ্ড বহাল

থাকার রায় আসার পর মুক্তিযুদ্ধকালীন রংপুর অঞ্চলের ত্রাস এ টি এম আজহারুল ইসলামের সঙ্গে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে দেখা করেছেন তার আইনজীবীরা। কাশিমপুর হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার বিকাশ রায়হান জানান, গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে পাঁচজন আইনজীবীর একটি দল কারাগারে এসে আজহারের সঙ্গে দেখা করে। তারা ১৫ মিনিটের মতো তার সঙ্গে কথা বলেন। তিনি জানান, আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউ করার বিষয়ে তাদের কথা হয়েছে এবং আজহারুল ইসলাম তাতে সম্মতি দিয়েছেন বলে আইনজীবীরা জানিয়েছেন। তবে উচ্চ আদালতে ফাঁসির রায় বহাল থাকার পর গতকাল বিকেল পর্যন্ত পরিবারের কেউ এ জামায়াত নেতার সঙ্গে দেখা করতে আসেননি।

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর জামায়াতের সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল আজহারকে প্রাণদণ্ড দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গত বৃহস্পতিবার আপিলের রায়েও তার সেই সাজা বহাল থাকে। আজহার একাত্তরে ছিলেন ইসলামী ছাত্রসংঘের রংপুর জেলা কমিটির সভাপতি ও আলবদর বাহিনীর জেলা কমান্ডার। সে সময় তার নেতৃত্বেই বৃহত্তর রংপুরে গণহত্যা চালিয়ে ১৪০০-এর বেশি মানুষকে হত্যা, অপহরণ, নির্যাতনের ঘটনা ঘটেছিল বলে এ মামলার বিচারে উঠে আসে। আজহারের প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বৃহস্পতিবারই জানিয়েছিলেন, রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি পেলে তারা রিভিউ (রায় পর্যালোচনা) আবেদন করবেন।

নিয়ম অনুযায়ী, রায় পর্যালোচনার আবেদনে সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত না বদলালে আসামি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইতে পারবেন। তাতেও বিফল হলে সরকার তার সাজা কার্যকরের পদক্ষেপ নেবে।